রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে পাঠানো তথ্য অনুযায়ী মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা।
তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য বিদ্যমান খেলাপি ঋণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা প্রয়োজন।
আরও পড়ুন
এদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ।
জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার মূলধন এবং ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক ও করের পরিমাণ ২৫ হাজার ৫০৪ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বকেয়া ৩ হাজার ৯১২ কোটি টাকার মধ্যে গত জুন পর্যন্ত ৫৯০ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস হাউস আদায় করেছে।