বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার
অনুষ্ঠানে দেশের ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির বিভিন্ন স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। অনেকেই তার সঙ্গে ছবি তোলা এবং নিজ হাতে গাছের চারা রোপণের অনুরোধ জানায়।
একটি স্টলে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি হাসিমুখে বলেন, ‘কোনও অসুবিধা নেই।’ এরপর তিনি নিজেই স্টলের ভেতরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।
আরও পড়ুন
অন্য একটি স্টলে শিক্ষার্থীরা একটি টবে গাছের চারা রোপণ করে দেওয়ার অনুরোধ জানায়। তারা জানায়, প্রধানমন্ত্রীর হাতে লাগানো সেই গাছটি স্কুল প্রাঙ্গণে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে টবে গাছের চারা রোপণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই একটি করে গাছ লাগাবে। গাছের পরিচর্যা করবে। ঠিক আছে?’ জবাবে উপস্থিত শিক্ষার্থীরা সমস্বরে বলেন, ‘জি স্যার।’
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।