রাজনীতি

বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মাহমুদা মিতু

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভা ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. মাহমুদা আলম মিতু বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ উন্নয়নের নতুন প্রত্যাশা করেছিলেন। কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় তিনি এলাকায় কোনো উন্নয়ন বরাদ্দ আনতে পারছেন না।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে সরকার ৩৭ জনকে বিভিন্ন উন্নয়ন বরাদ্দ দিয়েছে। অথচ বিরোধী দলের ১৩ জন নারী সংসদ সদস্যকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

তিনি প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী নিজেই সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বলেন। যদি সত্যিই সেই নীতি অনুসরণ করা হয়, তাহলে বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের কেন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে?

সরকারের এই আচরণ রাজনৈতিক বৈষম্যের পরিচায়ক বলে মন্তব্য করে ডা. মিতু বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে সরকার আওয়ামী লীগের সময়কার রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে চায়। শুধু সরকার নয়, সরকারি দলের সংসদ সদস্যদের আচরণেও সেই প্রবণতা স্পষ্ট।

রাজাপুর-কাঁঠালিয়াসহ ঝালকাঠি জেলার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেলার সড়ক অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। এখানে চারজন সংসদ সদস্য থাকলেও প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না। বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

তিনি বলেন, বরাদ্দ না পেলেও জনগণের অধিকার আদায়ে তাঁর রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।

এনসিপির সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে ডা. মিতু বলেন, জুলাই আন্দোলনের চেতনা থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই নতুন ধারার রাজনীতির কথা বলে আসছে। মাত্র দুই বছরে দলটি যে জনসমর্থন অর্জন করেছে, তা একটি নতুন রাজনৈতিক দলের জন্য উল্লেখযোগ্য সাফল্য।

তিনি আরও বলেন, তাঁর ছোট ভাই আরিফুর রহমান তুহিন হাসিনাবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া অনেকেই আজ সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন, কিন্তু বরাদ্দের ক্ষেত্রে আন্দোলনের সহযোদ্ধারাই বঞ্চিত হচ্ছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

একই বিভাগের আরও খবর