তথ্য-প্রযুক্তি

ইইউর ১ বিলিয়ন ডলার জরিমানা গুগলকে

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

জরিমানার মধ্যে ৪৬ কোটি ইউরো আরোপ করা হয়েছে সার্চ ফলাফলে গুগলের নিজস্ব শপিং, হোটেল, ভ্রমণ ও ক্রীড়া–সংক্রান্ত সেবাকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে। কমিশনের মতে, এ ধরনের পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য সমান প্রতিযোগিতার সুযোগ সীমিত করেছে।

এ ছাড়া গুগল প্লে স্টোরের নীতিমালার কারণে অ্যাপ ডেভেলপাররা ব্যবহারকারীদের বিকল্প অ্যাপ স্টোর বা নিজেদের ওয়েবসাইটে থাকা কম মূল্যের অফারের তথ্য জানাতে বাধার মুখে পড়ছিলেন। এ অভিযোগে গুগলকে আরও ৪৩ কোটি ইউরো জরিমানা করা হয়েছে।

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) কার্যকর হওয়ার পর এই আইনের আওতায় গুগলের বিরুদ্ধে এটিই প্রথম শাস্তিমূলক ব্যবস্থা। তবে প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগে গত প্রায় দুই দশকে ইইউর পক্ষ থেকে গুগলের বিরুদ্ধে এটি পঞ্চম ও ষষ্ঠ জরিমানা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ওপর আরোপিত মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ কোটি ইউরো।

আরও পড়ুন

ইইউর অ্যান্টিট্রাস্ট প্রধান তেরেসা রিভেরা বলেন, ইউরোপীয় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। অন্যদিকে প্রযুক্তিবিষয়ক কমিশনার হেন্না ভিরকুনেন জানান, ডিজিটাল মার্কেটস অ্যাক্টের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তি খাতে ন্যায্য ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা।

কমিশন গুগলকে নির্দেশ দিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে তাদের কার্যক্রম আইন অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটিকে আরও কঠোর ব্যবস্থা বা অতিরিক্ত আর্থিক জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

এদিকে গুগল ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং আদালতে এর বিরুদ্ধে আপিল করার বিষয়টি বিবেচনা করছে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিষয়ক প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার এক বিবৃতিতে দাবি করেন, নতুন নিয়ম বাস্তবায়ন করতে গিয়ে ইউরোপের ব্যবহারকারীদের জন্য কিছু জনপ্রিয় সার্চ সুবিধা সীমিত করতে হবে এবং গুগল প্লে স্টোরের নিরাপত্তা কাঠামোও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

একই বিভাগের আরও খবর