শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য জানান।
২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম
মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডা. দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আরও পড়ুন
এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনির সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে ওই ঘটনার বিষয়ে একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্যমতে, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আগামী ২৭ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পাশাপাশি বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা রয়েছে।