মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা
বৈঠকে আইওএমের চিফ অব মিশন জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট জাতিসংঘ ভবনে (ইউএন হাউজ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইওএমকে সর্বাত্মক সহযোগিতা করবে।
আরও পড়ুন
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইওএম।
এছাড়া মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে আইওএমের নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক তহবিল সংগ্রহে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক।