সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩
নিহত ব্যক্তি মানিক হোসেন ওরফে সুমন (৩২)। তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হাবিবুল মণ্ডলের মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হাবিবুল বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত তার কাছে থাকা একটি ধারালো চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন।
আরও পড়ুন
হাবিবুলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মানিক হোসেন ওরফে সুমনের মৃত্যু হয়।
আহত হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।