ভোগড়া এলাকার এক শ্রমিক (৪৫) বলেন, ‘বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।’ আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে — এমন প্রত্যাশা থেকে পোশাকশ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। তিনি বলেন, ‘শ্রমিকরা মনে করছেন মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক।’ গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘আজ সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আজ গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।’
শিল্পপুলিশ, শ্রমিক, শ্রমিকনেতা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সাভার-আশুলিয়া এলাকার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় গিয়ে উৎপাদন কার্যক্রমে যোগ দেন। তবে সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত একটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজ না করে কারখানার নিচে অবস্থান নেন; পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা দেয়। আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করলে সেসব কারখানাও আজকের জন্য ছুটি ঘোষণা করে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টায় চালু হয়। পরে শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ না করে বসে থাকেন। কর্মবিরতির মুখে ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি দেওয়া হয়।’ শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া সকাল ১১টার দিকে জানান, এ অঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানার সংখ্যা ১১টি এবং নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি রয়েছে দুটি কারখানায়; এর বাইরে ৫০টি কারখানার কর্তৃপক্ষ সকালে কর্মবিরতির মুখে তাদের আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।


