বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সিইও, হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন।
ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, বৈঠকে জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট, সন্ত্রাস, দলীয়করণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে ডা. শফিকুর রহমান মনে করেন। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের ভূমিকার কথাও তিনি তুলে ধরেছেন।
আরও পড়ুন
বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, জাতীয় ঐকমত্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার বেতন কাঠামো, ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গণমাধ্যমের প্রতিনিধিরা।
গোলাম পরওয়ার জানান, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাখার বিষয়ে ডা. শফিকুর রহমান আশ্বস্ত করেছেন। দেশের ও জনগণের স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অহিংস ও দায়িত্বশীল অবস্থান নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।