জাতীয়

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনটি হলে প্রায় ৩০০টি বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, পর্যটন প্রতিষ্ঠান ও বিদেশি মিশনগুলো তাদের সেবা ও বিভিন্ন অফার তুলে ধরবে।

বিজ্ঞাপন

মেলার বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, পণ্য প্রচার ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

মহিউদ্দিন হেলাল বলেন, এ মেলা দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, পর্যটন পণ্যের প্রচার এবং বাংলাদেশে পর্যটন বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ মেলা সহায়ক হবে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এবারের মেলায় হাওর, সুন্দরবন, নৌ, অ্যাডভেঞ্চার, কমিউনিটি ও পরিবেশ পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তা, শিশু, শিক্ষার্থী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আইসিসিবিতে মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি এবং ওই মন্ত্রণালয়ের সচিব গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র‌্যাফেল ড্রতে অংশ নেওয়া যাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, র‌্যাফেল ড্রতে এয়ারলাইনসের টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন পুরস্কার ও উপহার ভাউচার থাকবে।

একই বিভাগের আরও খবর