মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তরুণ সমাজকে নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত করার আহ্বান জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
মন্ত্রী বলেন, নজরুলচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।
নজরুলবর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, জাতীয় কবির জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের জন্য অনন্ত প্রেরণার উৎস।
আরও পড়ুন
তিনি বলেন, ইসলামী সংগীত ও শ্যামাসংগীত রচনার মাধ্যমে নজরুল ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহিত্যকর্মে বিভিন্ন ভাষার শব্দের সৃজনশীল ব্যবহার বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে।
মন্ত্রী সুস্থ সাংস্কৃতিক বিকাশে নৌকাবাইচ, যাত্রাশিল্প, বাউল গান এবং হাছন রাজা, লালন ও বিজয় সরকারের গানের চর্চা ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। পাহাড় ও সমতলের সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে বাংলাদেশের অনন্য ঐতিহ্য গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রীদের উদ্দেশে নারীশক্তির জাগরণ ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। একই সঙ্গে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সভাপতিত্ব করেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।