দলীয় নেতাদের ভাষ্য, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যেই আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুতুলকে প্রেসিডিয়াম সদস্য করার প্রক্রিয়া চলতি সেপ্টেম্বরেই চূড়ান্ত হতে পারে বলে তারা জানিয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল
পুনর্গঠন নিয়ে শুক্রবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। প্রথমে নয়াদিল্লিতে সরাসরি সভা করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুতুলের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগ থেকে আরও দুজনকে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিল বা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় সভাপতি প্রেসিডিয়াম সদস্য মনোনয়ন দিতে পারেন। শুক্রবারের সভায় পুতুলের মনোনয়ন চূড়ান্ত না হলে কার্যনির্বাহী সংসদ শেখ হাসিনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে পারে। সেক্ষেত্রে ২২ সেপ্টেম্বর পরিবারের সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
আরও পড়ুন
এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন। তবে কেন্দ্রীয় কমিটির সব সদস্য ভারতে না থাকায় সরাসরি বৈঠকের পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় বিবেচনায় দিল্লিতে দলের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন।
দলীয় নেতারা জানিয়েছেন, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে পুতুলকে সক্রিয় রাজনীতিতে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে তারা দাবি করেছেন।