নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে—দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।
তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো, তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ার পর সেই ইগো হালকা করে নিজেকে আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে। পাঠদানকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং ক্লাসের প্রতি আকৃষ্ট হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে নিজের নবীনবরণের স্মৃতিচারণ করে রিজভী বলেন, সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। ইন্টারমিডিয়েটে পড়ার সময় শিক্ষক রুহুল আমিন স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস এত চমৎকারভাবে পড়াতেন যে আজও সেই সংলাপগুলো কানে বাজে। দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে; সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম ও বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।



