তিনি বলেন, দেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় এক-দশমাংশ। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা পাঁচ কোটিতে পৌঁছাতে পারে। তাই প্রবীণদের শুধু বয়সের সংখ্যা হিসেবে না দেখে স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
বুধবার ঢাকায় সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।
মন্ত্রী বলেন, প্রবীণদের জন্য সরকারের বিদ্যমান ভাতা যথেষ্ট নয়। আরও বেশি মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ভাতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে সরকারি উদ্যোগের সঙ্গে সামাজিক উদ্যোগও জরুরি।
আরও পড়ুন
এর আগে আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে নবীন-প্রবীণের মিলন মেলায় আয়োজিত র্যালিতে অংশ নেন মন্ত্রী। পরে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা, গণপরিবহন ও সরকারি-বেসরকারি স্থাপনা, আয়-সঞ্চয়ের নিরাপত্তা এবং কর্মক্ষমতাহীন প্রবীণদের সামাজিক সহায়তা বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে প্রবীণ অধিদপ্তর গঠন, প্রবীণ নারীদের বৈষম্য দূর করা এবং জেলা-উপজেলায় প্রবীণদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, আবাসন ও খাদ্য সহায়তা বাড়ানোর সুপারিশ করা হয়।