বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়ন এবং কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা পর্যালোচনা এবং তা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু অর্থায়নকে গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাই অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর ও স্থানীয় বাস্তবতানির্ভর করতে হবে। একই সঙ্গে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সঙ্গে মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় জরুরি।
আরও পড়ুন
তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। ইউএনডিপির সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জলবায়ু অভিযোজন কার্যক্রমে স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। উপকূলীয়, চর, পার্বত্য, হাওর ও খরাপ্রবণ এলাকায় প্রকৃতিভিত্তিক সমাধান ও জলবায়ু-সহনশীল জীবিকা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত থাকবে। জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ ও প্লাস্টিক বর্জ্য মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে চলমান যৌথ প্রকল্পের বাস্তবায়ন গতিশীল করা এবং জলবায়ু অভিযোজন, প্রতিবেশ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কার্বন ক্রেডিটসহ নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং ইউএনডিপি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।