জাতীয়

নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি স্বাধীনতা, সাম্য, মানবমর্যাদা, অসাম্প্রদায়িকতা ও বিশ্বমানবতার কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত নিপীড়ন, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করেছে। বর্তমান বিশ্বের সংঘাত ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে নজরুলের দর্শন আরও প্রাসঙ্গিক।

বিজ্ঞাপন

তিনি জানান, নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার ২০২৬ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও শিক্ষাপ্রতিষ্ঠানে কবিতা, আবৃত্তি, সংগীত, প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। নজরুলচর্চাকে শিক্ষা, গণমাধ্যম ও আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, নজরুলের সাম্যবাদী ও মানবতাবাদী দর্শন ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন কবি আব্দুল হাই শিকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালির স্বাধীনতা ও মুক্তির চেতনার পাশাপাশি বিশ্বমানবতার অভিন্ন মূল্যবোধের প্রতিনিধিত্ব করে। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা মানে সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও সম্প্রীতির মূল্যবোধকে আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও ফরেন সার্ভিস একাডেমির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর