ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় এন০৫৫৪২ নম্বর ফ্লাইটে ৪৪ বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁদের জরুরি সহায়তা, মানসিক পরামর্শ ও নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত আসা সবাইকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।
তিনি বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির পাশাপাশি এখন গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন, আর এ পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে; নতুন নীতি অনুযায়ী অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফলাফল শূন্য হচ্ছে।
আরও পড়ুন
শরিফুল হাসান আরও জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি।