মন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্মীরা পরবর্তীতে সৌদি আরবে গেলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তাদের এন্ট্রি সম্পন্ন হবে। সভায় তিনি কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর জোর দিয়ে বলেন, যেখানে তিন লাখ টাকায় বিদেশে যাওয়া সম্ভব, সেখানে সাত-আট লাখ টাকা নেওয়া অনুচিত। একই সঙ্গে তিনি বিদেশ গমনের প্রক্রিয়া সহজ করা ও ভিসা যাচাইয়ের জন্য বিএমইটিতে আধুনিক প্রযুক্তি চালুর কাজ চলছে বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে কারাবন্দী বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে নিজ নাগরিকদের পর সবচেয়ে বেশি বসবাস করেন বাংলাদেশের কর্মীরা এবং ভবিষ্যতে শ্রম খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।


