গত ২৬ অক্টোবর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত পবিপ্রবির সহকারী অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়; রুলের জবাব দিতে বিবাদীদের চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত। ড. মো. শামসুজ্জোহা নামের এক প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ আসে।
তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার
রিটে অভিযোগ করা হয়েছে, নিয়োগের শর্ত ইউজিসির ২০২১ সালের ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে অনুসরণীয় অভিন্ন নীতিমালা’ অনুসরণ করে নির্ধারণ করা হয়নি। ইউজিসির নীতিমালা অনুযায়ী কৃষিবিজ্ঞানের সহকারী অধ্যাপক পদে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি প্রভাষক হিসেবে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা (এমফিলে দুই বছর, পিএইচডিতে অন্তত এক বছর), স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণাপত্রের শর্ত রয়েছে। অথচ পবিপ্রবির বিজ্ঞপ্তিতে পিএইচডিধারীদের শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ রাখা হয়েছে, দুটি গবেষণাপত্র থাকলেও আবেদন করা যাচ্ছে এবং সিজিপিএর বাধ্যবাধকতাও উপেক্ষা করা হয়েছে বলে রিটে উল্লেখ রয়েছে।
যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা তিন কর্মকর্তা হলেন রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেনের স্ত্রী ডেপুটি রেজিস্ট্রার জিনাত নাসরিন সুলতানা এবং উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ডেপুটি রেজিস্ট্রার রাহাত মাহমুদ ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার। তারা কৃষিতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে আবেদন করেছেন। তাদের কয়েকজনের স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষকতার অভিজ্ঞতা ও স্নাতক পর্যায়ের ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, কর্মকর্তা থেকে সহকারী অধ্যাপক হওয়ার কোনো সুযোগ নেই; বিষয়টি কমিশনের নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিক বলেন, পবিপ্রবি প্রশাসন সম্পূর্ণরূপে ইউজিসির নির্দেশিকা অমান্য করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে; শিক্ষাগত যোগ্যতা, গবেষণা প্রকাশনা ও শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত শিথিল করা সম্পূর্ণ আইনপরিপন্থী। হাইকোর্টের রুলের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সহকারী অধ্যাপক পদে কোনো নিয়োগ দিতে পারবে না। নির্ধারিত সময়ে প্রশাসন বক্তব্য উপস্থাপন করতে ব্যর্থ হলে স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস থেকে এক বছর পর্যন্ত বাড়তে পারে।