বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে এ কোটা কার্যকর হবে। একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও ক্যাচমেন্ট এলাকার ৮০ শতাংশ কোটা প্রযোজ্য হবে।
ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য
ক্যাচমেন্ট এলাকা নির্ধারণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সহায়তা নেবেন। একাধিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা পরস্পরের সঙ্গে যুক্ত হলে থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বয় করতে হবে; সমাধান না হলে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা যাবে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভর্তি কার্যক্রম শুরুর আগে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে বিদ্যালয়গুলোকে; বিশেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে। নীতিমালায় আরও বলা হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। ঢাকার বিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্য এলাকার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।