আজ (বুধবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মন্ত্রী বলেন, একসময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িক উদ্যোগে যাত্রাদল গড়ে উঠত; গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। কিন্তু সময়ের পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ও বিনোদনের বহুমাত্রিক সুযোগ সৃষ্টির ফলে এসব শিল্পের প্রতি মানুষের আগ্রহ কমেছে। যাত্রাপালায় কিছু ক্ষেত্রে অরুচিকর উপস্থাপনা ও নৃত্য সংযোজনের কারণে পারিবারিক পরিবেশে এ শিল্প উপভোগের সুযোগও সংকুচিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জীবনঘনিষ্ঠ, সংগ্রামমুখর, সমাজসচেতনতামূলক ও মানসম্মত যাত্রাপালা এবং সার্কাস চর্চায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যাত্রাপালা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প পুনরুজ্জীবিত করতে সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। আগামী ডিসেম্বরে দেশের সব জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে উপস্থিত যাত্রা ও সার্কাস দলের প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সবার জন্য সুস্থ ও মানসম্মত বিনোদন নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাত্রাপালা ও সার্কাস আয়োজনে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দিয়ে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব করেন তিনি। সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম বলেন, যাত্রাপালা ও সার্কাসকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে; রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনা নিশ্চিত করতে হবে, যাতে পরিবারের সব বয়সী সদস্য একসঙ্গে এসব আয়োজন উপভোগ করতে পারেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা: হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈলান। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি খ্যাতনামা যাত্রাদল ও ১২টি সার্কাস দলের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। কর্মশালাটি এ শিল্পের সংকট চিহ্নিতকরণ, সম্ভাবনা অনুসন্ধান এবং টেকসই বিকাশে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।