তিনি জানান, কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে নয়, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে হয়েছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকের প্রশ্ন—‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ বিয়ে ও স্বামীর পরিচয় নিয়ে নানা প্রশ্নের মুখে এবার দীর্ঘ পোস্ট দিয়েছেন পারশা; সেখানে নিজের বিয়ের সিদ্ধান্ত, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা ও আসাদ নূরের অতীত জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি।
পারশার ভাষ্য, বিয়ে কোনো ধর্মের একক প্রথা নয়; ইসলামের আবির্ভাবের বহু আগেই বিভিন্ন সভ্যতায় বিয়ের সামাজিক ও আইনগত স্বীকৃতি ছিল। সন্তানদের প্রতি স্নেহশীল, দায়িত্ববান ও যত্নশীল একজন বাবা তিনি সব সময় চেয়েছেন—আসাদের মধ্যেই সেই মানুষটিকে খুঁজে পেয়েছেন। তার মতে, আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি বাবা ছাড়া আগে কখনো পাননি।
সমালোচকদের উদ্দেশে পারশা লিখেছেন, আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকে একমত না-ও হতে পারেন, তার অনেক বক্তব্য অপছন্দও হতে পারে; এমনকি তার নিজেরও সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। কিন্তু সে কারণে একজন মানুষকে শুধু ‘নাস্তিক’ বিশেষণে আটকে না রেখে মানুষ ও জীবনসঙ্গী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
পরিবারের অবস্থান তুলে ধরে পারশা জানান, প্রথমে বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না; তারা আশঙ্কার কথা জানালেও সিদ্ধান্ত নেওয়া থেকে তাকে বিরত রাখেননি, কারণ তার পরিবার ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে। তার বড় ভাই ধর্মপ্রাণ মুসলিম, ভাবি নিকাব করেন—তবু পরিবারের কেউ কখনো তার গানবাজনা বা জীবনযাপন নিয়ে আপত্তি জানাননি। পরিবার তাকে ধর্মীয় পরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ধর্ম পালনকারীদের সঙ্গে তার কোনো বিরোধ নেই জানিয়ে পারশা লিখেছেন, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো ও রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে তার অবস্থান। ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। তার মতে, একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্বের অধিকার একমাত্র তার নিজের।
আসাদ নূরের অতীত প্রসঙ্গে পারশা জানান, মাদরাসায় পড়ার সময় আসাদ গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন; কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখে তার জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পরে মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদে লেখার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় তাকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় এবং প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি। অতীতের পরিচয়ে বিচার না করে আসাদকে নতুনভাবে জীবন শুরুর সুযোগ দেওয়ার আহ্বান জানান পারশা।
সবশেষে পারশা লিখেছেন, বাংলাদেশ তার দেশ; এ দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় বা কারও অনুমতির ওপর নিজের দেশের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করে না।




