বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে দেখা গেছে, বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপকারী ডলার সূচক শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি ২০২৫ সালের এপ্রিলের পর সূচকটির সর্বোচ্চ অবস্থান।
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ
চলতি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানোর সম্ভাবনাও তারা উড়িয়ে দেননি।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি আগামী বছরের শুরুর দিকেও আরও এক দফা সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ বেশ কয়েকটি শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে অতিরিক্ত সুদের হার বাড়ার পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন
ডলারের এমন শক্তিশালী অবস্থানের বিপরীতে অন্যান্য প্রধান মুদ্রার দরপতন ঘটেছে। এর মধ্যে ইউরোর দাম শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমে এসেছে, যা গত বছরের মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দর শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে। তবে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর সামান্য শূন্য দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে।