এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমায় তারা উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন, যা দেশের খাদ্য ঘাটতি পূরণে সহায়ক হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিগত তিন বছরে বিএডিসির সরবরাহ করা বোরো হাইব্রিড ধানবীজের পরিমাণ ছিল ২০২৩-২৪ বর্ষে ৫৭৬ মেট্রিক টন, ২০২৪-২৫ বর্ষে ১,০২১ মেট্রিক টন এবং ২০২৫-২৬ বর্ষে ৯৮০ মেট্রিক টন।
প্রণোদনায় হাইব্রিড বোরো ধানবীজ না থাকায় উৎপাদন কমার আশঙ্কা
তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির ফসলভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীতে দেখা গেছে, বিভিন্ন ফসলের বীজ অন্তর্ভুক্ত থাকলেও বোরো হাইব্রিড ধানবীজকে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়নি। ফলে বিএডিসির উৎপাদিত উচ্চমূল্যের অধিক ফলনশীল ব্রি হাইব্রিড ধান-৮, SL-8H ও বিএডিসি হাইব্রিড ধান-৩ (Win-302) জাতের প্রায় ১,৪০০ মেট্রিক টন বোরো হাইব্রিড ধানবীজ ব্যবহারের সুফল থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বঞ্চিত হবেন।
আরও পড়ুন
ধারাবাহিকভাবে চলমান হাইব্রিড বোরো ধানবীজের প্রণোদনা কর্মসূচি হঠাৎ সম্পূর্ণরূপে বন্ধ করলে দেশের ধান ও চাল উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে, যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এ প্রেক্ষাপটে চলতি বছরের কর্মসূচিতে বোরো ইনব্রিড ধানবীজের পরিমাণ কমিয়ে উচ্চ ফলনশীল হাইব্রিড বোরো ধানবীজ অন্তর্ভুক্ত করা হলে দেশে মোট ধান উৎপাদন বাড়বে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।