ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে—এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে এবং এসব উদ্যোগ জনগণের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার।
জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, সরকার এমনভাবে কাজ করছে, যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কার্যকর অভিযোজন কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় অপরিহার্য। তিনি জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষায় কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং GAIN-এর নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, ইফাদের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।