ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৭২০ কিলোমিটার এবং গড় প্রস্থ ১২ ফুট। প্রায় দুই মাসব্যাপী এ কর্মসূচির আওতায় খালটি থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পাশাপাশি খালের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে। ডিএসসিসি জানায়, এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি নাগরিকদের কাছে দুটি বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। প্রথমত, সিটি করপোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা আপনারা স্থানীয়ভাবে তদারকি করবেন। কোনো গাফিলতি চোখে পড়লে আমাদের জানাবেন।’ অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে। দ্বিতীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, ‘খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনি এর কুফলও নাগরিকদেরই প্রথমে ভোগ করতে হয়। তাই এ সম্পদের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’ এ সময় তিনি সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে অতি দ্রুত ঢাকা মহানগরীর সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং নাগরিকেরা উপস্থিত ছিলেন।


