আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযান চালায় এসআরবি-১-এর একটি দল। পরে গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট অভিযোগও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার কার্যক্রম রয়েছে।
জাতীয়
যেভাবে গ্রেপ্তার হলেন সাঈদ খোকন
২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং তাদের একজন কর্মচারীর বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। তবে মঙ্গলবার তাকে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।