হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপিকে অতীতের রাজনৈতিক ইতিহাসও স্মরণ রাখতে হবে; ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির সরকার গঠনে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতের সহযোগিতার কথা বলতে হলে এই ইতিহাসও স্বীকার করতে হবে। তিনি বলেন, অতীতের দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি দেশকে কোথায় নিয়ে গেছে, তা থেকে শিক্ষা নিতে হবে; ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে, মামলা-নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা মতপ্রকাশের অধিকার সংকুচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচার এবং তাদের পুনরায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা জাতীয় দায়িত্ব; এ বিষয়কে কোনো দলের একক কৃতিত্ব দাবি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানানো উচিত নয়।
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ
ড. আযাদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে; তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায় সরকারের। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে; জাতীয় ঐক্যের অর্থ সরকারের জবাবদিহি থেকে অব্যাহতি নয়। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় ঐক্য কোনো দলের অনুগ্রহ নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের প্রয়োজন। অতীতের সহযোগিতাকে বর্তমানের আনুগত্য দাবি কিংবা ভবিষ্যতের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না; গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি তৈরি করতে হবে। ড. আযাদ বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, হুমকি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্মান, আস্থা ও অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে আসুন।