রাজনীতি

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

তবে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে অভিন্ন অবস্থান থাকলেও বিএনপি ও জামায়াত আপাতত এক মঞ্চে উঠছে না। দল দুটি নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নাশকতা প্রতিরোধে সমন্বিত অবস্থান নিলেও কর্মসূচি পালন করবে আলাদাভাবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ও তাদের জোট ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালে যেভাবে সবাই মিলে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে।

আরও পড়ুন

জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে ছিল। কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

তবে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐকমত্য থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। ফলে জাতীয় ঐক্যের উদ্যোগ কতটা স্থায়ী ও কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

বিরোধী দলগুলোর একাধিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য কেবল সাময়িক কোনো উদ্যোগ হলে তা টেকসই হবে না। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো রাজনৈতিক বক্তব্য ও অবস্থানে ফিরে যাওয়ার সুযোগ রাখা যাবে না। এ কারণে ঐক্যের বিষয়ে লিখিত অঙ্গীকার চায় বিরোধী দলগুলো।

তাদের প্রস্তাবিত ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। এ ঐক্যের আওতায় জুলাই সনদ বাস্তবায়নে যেসব বিষয়ে টালবাহানা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়েছে, সেগুলোর সমাধান কীভাবে হবে, তা লিখিতভাবে নির্ধারণের দাবি রয়েছে। একই সঙ্গে সংবিধানে জুলাই-সংক্রান্ত বিষয়গুলো কতটুকু অন্তর্ভুক্ত করা হবে, সেটিও চূড়ান্ত করার কথা বলছেন তারা।

বিরোধী সূত্রগুলোর অভিযোগ, বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর সম্পর্কের মধ্যে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে। তাদের বক্তব্য ও প্রতিপক্ষের প্রতি আচরণ ঐক্যের পথে বাধা তৈরি করছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতারা। এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, সেটিও জানতে চান তারা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, পৃথক কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। সেখানে পারস্পরিক সমন্বয় ও দীর্ঘমেয়াদি ঐক্যের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই বিভাগের আরও খবর