এ সমঝোতার আওতায় সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (TMC) সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (ANPR), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (WIM) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (ITS) মাধ্যমে সংগৃহীত তথ্য হাইওয়ে পুলিশ ব্যবহার করতে পারবে। এর ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো ট্রাফিক অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইমে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় API Link ও কারিগরি নির্দেশনা প্রদান করবে। এ ব্যবস্থায় হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডাটাবেজ থেকে শুধু তথ্য দেখার (Read Only) সুযোগ পাবে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার হবে। এর ফলে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হয়ে প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।