তারেক রহমান বলেন, অচিরেই বাংলাদেশ বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে।
প্রাণিসম্পদ খাত আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সরকারপ্রধান বলেন, ‘আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ একদিকে প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে।’
রপ্তানি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘স্বল্পমেয়াদে বাংলাদেশের চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বিদেশে প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।’
আরও পড়ুন
দীর্ঘমেয়াদি সম্ভাবনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির বাজার সম্প্রসারণে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।’
পোলট্রি শিল্পের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে এ শিল্প ইতিবাচক ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক। ইতিমধ্যে এ খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোলট্রি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য পশুপালন করছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুপাখির চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন করা হবে।