জাতীয়

হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত: স্পিকার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারারের যৌথ আয়োজনে পার্লামেন্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে। কিন্তু এসব নদীর পানির স্বাভাবিক ও নির্বিঘ্ন প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত ক্রমাগত ব্যারাজ নির্মাণ করছে। তার অভিযোগ, কয়েকটি নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

মতবিনিময় সভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও কথা বলেন স্পিকার। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন হিসেবে আখ্যা দেন। তার ভাষ্য, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে সীমিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না। তার দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক — উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনার শাসনামলকে বেসামরিক স্বৈরশাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অধীনে ১৫ বছর দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরাও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে অতীত ভুলে দুই দেশের মধ্যে নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান তারা।

পাকিস্তানের পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করেছে। তার দাবি, বাঙালিরা এখন বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে পাঠিয়ে আইনের মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেন স্পিকার। এ ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত বলে মত দেন তিনি।

পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে নিজের প্রশিক্ষণজীবনের স্মৃতিও তুলে ধরেন স্পিকার। ষাটের দশকের শেষ দিকে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সেখানে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। একাডেমিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতাকে স্মৃতিময় উল্লেখ করে বলেন, দুই দেশের মানুষই পরস্পরের সঙ্গে দেখা করতে, যোগাযোগ বাড়াতে এবং একে অপরের দেশে যেতে আগ্রহী। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক অবস্থানের ভিত্তিতে একে অপরকে সমর্থন করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার সম্ভাবনা, আঞ্চলিক জোটে চীনকে অন্তর্ভুক্ত করা এবং ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। সার্ক পুনরুজ্জীবনের পক্ষে মত দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। চলমান পরামর্শ প্রক্রিয়া থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, বাংলাদেশের সংসদ সদস্যরা পাকিস্তানে এসে যেন নিজেদের বাড়িতেই এসেছেন।

একই বিভাগের আরও খবর