গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ জন রয়েছেন। এ সময় একটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৪৫ জন এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।