গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন।
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি
পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মো. মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ঘটনার পর থেকে থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা দেখা দেয়।
আরও পড়ুন
এমন পরিস্থিতিতে নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
নবাগত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। বিভিন্ন থানা ও পুলিশি ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।
এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন।