জাতীয়

শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গত ১১ মাসে খুলনা মহানগর ও জেলায় ৮০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব হত্যাকাণ্ডের পাশাপাশি অস্ত্রের ব্যবহার, প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার এবং একের পর এক সন্ত্রাসী গ্রেপ্তারের পরও থামছে না অপরাধের ধারাবাহিকতা। ফলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকারিতা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

বিজ্ঞাপন

সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর লবণচরা থানাধীন হঠাৎ বাজার এলাকায় চাঁদা না পেয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একটি তুষকাঠের মিলে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়।

বিজ্ঞাপন

একই এলাকায় একটি চানাচুর কারখানাতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একের পর এক এমন ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কোথায়?

বিজ্ঞাপন

শুধু হঠাৎ বাজার নয়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।

কখনো ব্যক্তিগত বিরোধ, কখনো আধিপত্য বিস্তার, আবার কখনো চাঁদার দাবিতে প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার করছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় অপরাধীদের একটি অংশ গ্রেপ্তার হলেও অপরাধের মূল শিকড় কতটা উপড়ে ফেলা সম্ভব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা নগরী এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে।

প্রতিদিনই বিভিন্ন স্থানে গুলি, চাঁদাবাজি ও দখলবাজির ঘটনা ঘটছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে খুলনা মহানগর পুলিশ ও জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় খুলনা মহানগর পুলিশের কমিশনারকে বদলি করা হয়েছে। নতুন পুলিশ কমিশনার ও পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধ নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে নগরবাসী।

তবে নেতৃত্ব পরিবর্তন করলেই কি অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব? নাকি অপরাধীদের নেপথ্যের আশ্রয়-প্রশ্রয়দাতা, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির নেটওয়ার্ক চিহ্নিত করে ভেঙে না দেওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না—এমন প্রশ্নও সামনে আসছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, জীবিকার তাগিদে প্রতিদিন মানুষ ঘর থেকে বের হচ্ছেন। ব্যবসায়ী যাচ্ছেন দোকানে, শ্রমিক যাচ্ছেন কারখানায়, কর্মজীবীরা ছুটছেন নিজ নিজ কর্মস্থলে। কিন্তু দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, সেই নিশ্চয়তা যেন ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। কখন, কোথায়, কার ওপর হামলা হবে কিংবা কে প্রাণ হারাবেন—এমন আতঙ্ক সাধারণ মানুষের মনে বাসা বাঁধছে।

অপরাধ দমনে শুধু নিয়মিত অভিযান, গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান প্রকাশ করলেই চলবে না। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ অপরাধী, চাঁদাবাজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের নেপথ্যের মদদদাতাদের আইনের আওতায় আনা জরুরি।

খুলনাবাসীর প্রত্যাশা, নতুন পুলিশ কমিশনার ও পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেবেন। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্ন এখন একটাই—শান্তির নগরী খুলনা কি আবারও শান্তির নগরী হিসেবে ফিরে আসবে, নাকি চাঁদাবাজি, গুলি ও হত্যাকাণ্ডের আতঙ্কেই কাটবে নগরবাসীর প্রতিটি দিন?

এখন সময় শুধু আশ্বাসের নয়, কার্যকর পদক্ষেপের। নগরবাসী নিরাপত্তা চান, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চান, আর সাধারণ মানুষ চান ভয়ভীতিহীন স্বাভাবিক জীবন। খুলনার নতুন পুলিশ নেতৃত্ব সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

একই বিভাগের আরও খবর