তিনি বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।’
শনিবার রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।’
তিনি বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে এ লক্ষ্য অর্জনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
পর্যটন মানুষকে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয় বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী দেশের পাহাড়, উপকূলীয় অঞ্চল, নদ-নদী, হাওর, বনভূমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এসব সম্পদ পর্যটন খাতের দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত দেন।
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।
‘মিডিয়া রান-২০২৬’ প্রসঙ্গে তিনি কক্সবাজারের মতো পর্যটনকেন্দ্রগুলোতেও এ ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
‘পর্যটনের জন্য দৌড়, নির্মল বায়ুর জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।
সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়। পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




