অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।
পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী
উদ্বোধনের পরপরই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে জড়ো হয়েছিলেন শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীরা। কালো রঙের টেবিলের ওপর বিছিয়ে রাখা রক্তমাখা শার্ট, অসমাপ্ত ডায়েরির পাতা, ভাঙা চশমা কিংবা প্রিয়জনের শেষ চিঠি। প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনেরা। প্রদর্শনীস্থল ঘুরে দেখার সময় এক হৃদয়বিদারক ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচনব্যবস্থাকে নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটে তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল।’
আরও পড়ুন
তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশ স্বৈরাচারের নির্দেশে গুলি করেছে, দেখা গেল তার ছেলেও এখানে নিহত হয়ে শহীদ হয়েছে। সেনাবাহিনীর অফিসারের ছেলে শহীদ হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—জাতি-ধর্মনির্বিশেষে যাঁরা বাংলাদেশকে ভালোবাসেন, সবাই এই গণঅভ্যুত্থানে শামিল হয়েছেন। গণমাধ্যমের কর্মী ও সাংবাদিকেরাও বিষয়টি বুঝতে পেরেছিলেন।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় এবং তিনি এখান থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার পরপরই সব মন্ত্রী, সিটি করপোরেশনের মেয়র, এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে যান। এই পলাতক শক্তি এখন আবার দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ছক কষে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর নানা ষড়যন্ত্র করছে। এ কারণেই তারা স্বীকার করে না যে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছে এবং কেন তারা পালিয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে, সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সচেতন জনগণ এবং জুলাই অভ্যুত্থানে যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা আজ ঐক্যবদ্ধ এবং সবাই রাজপথে আছেন। অতএব এসব দুষ্কৃতকারী বা কোনো অপশক্তিকে তারা ভয় পান না। এসব করে কোনো লাভ নেই; বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এগিয়ে যাবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট এবং হাহাকার আছে। যে পরিবারে সন্তান মারা গেছে, সে তার একমাত্র সন্তান হোক বা অন্য সন্তানদের মধ্যকার একজন হোক, এই কষ্টের কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায়।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। শুধু উনি নন, ওনাদের এই পার্টি বাংলাদেশে কী করে গেছে, কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে—এই ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত সেই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের পতনের ঘটনা এবং বিগত দেড় দশক বাংলাদেশ যে স্বৈরাচারের জাঁতাকলে ছিল, তার স্মৃতি রক্ষার্থে গবেষণা, ইতিহাস সংরক্ষণ ও শহীদদের স্মারক প্রদর্শনের জন্যই মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে এই জাদুঘরে ৫৯০ জন শহীদের স্মারক আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫০০-এর বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমাদের কাছে শহীদদের ব্যবহৃত ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ স্মৃতিস্মারক রয়েছে। জায়গার সংকুলান না হওয়ায় আমরা দ্রুত সব প্রদর্শন করতে পারছি না।’ সামনের দিনে বিভিন্ন প্রদর্শনী ও জুলাই জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে সংগৃহীত সব নিদর্শন দেখানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে জুলাই জাদুঘরের এই বিশেষ আয়োজন রোববার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।