শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। অবরোধ ও সংঘর্ষ চলাকালীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ও জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে সাংবাদিকদের এই হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে নাওডোবা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে এই সংঘর্ষ চলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে হঠাৎ করেই অবরোধকারীরা সড়কে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
আরও পড়ুন
ঘটনার বিবরণে পুলিশ জানায়, ভোরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত অবরোধ করার চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটলে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। একই সময়ে বিক্ষুব্ধরা ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাউকে আনা হয়নি।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবরোধ ও দফায় দফায় সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ রাখা হয়। এতে সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল পুনরায় শুরু হয়, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী ও বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া অস্ত্রসহ দুজনকে পদ্মা সেতু দক্ষিণ থানায় গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে এ ঘটনা নিশ্চিত করেনি পুলিশ।