জাতীয়

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

চিফ হুইপ জানান, কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে ১৭ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সদস্যদের নাম জমা দেয়নি।

তিনি বলেন, বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

আরও পড়ুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী গঠিত এই বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধন বিষয়ে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন দেবে।

কমিটির সভাপতি করা হয়েছে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত মহিলা আসন-১-এর সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

একই বিভাগের আরও খবর