প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের আহ্বান জানান।
এ ছাড়া তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে স্টার্টআপ খাতে বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচ পাম্পকে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। সৌরবিদ্যুৎ সম্প্রসারণ সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ প্রণয়নের কথাও উল্লেখ করেন তিনি।