সাম্প্রতিক হাম ও ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক সংকটে মলম লাগিয়ে বা জরুরি আগুন নেভানোর মতো কাজ করে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড় করানো যায় না। স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি জানান, দেশের ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সাজানো গেলে এই খাতের চিত্র আমূল বদলে যেত। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে সরকারের ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও এ সময় তুলে ধরেন তিনি।
কাঠামোগত দুর্বলতার কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, বিগত দিনে সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার হয়নি। স্বাধীনতার ৫৪ বছরেও প্রতি চিকিৎসকের বিপরীতে নার্সের সংখ্যা সমান সমান বা একজনেই আটকে আছে, যা অন্তত তিনজন হওয়া উচিত। তিনি নিপসমের নিজস্ব গবেষণা সাময়িকী আন্তর্জাতিক তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ ফিরিয়ে আনার তাগিদ দেন এবং শিক্ষার্থীদের জাতীয় স্বাস্থ্য ইস্যুতে গবেষণার আহ্বান জানান।
নিপসম পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।