শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ সময় তিনি কিশোর গ্যাং সৃষ্টির জন্য বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারকে দায়ী করে বলেন, গত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, যা দ্রুত রোধ করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিগত সরকার রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় সব সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নিজ কাজের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এছাড়া ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার, সানজিদা ইসলাম তুলি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।