সরকারপ্রধানকে পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐক্য প্রক্রিয়ার জন্য সংস্কারকে এজেন্ডা হিসেবে যুক্ত করার আহ্বান জানিয়েছি। এছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও কথা বলা হয়েছে। আওয়ামী লীগ ও জুলাইয়ের গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা দ্রুত কার্যকর করার দাবিও জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। নাহিদ ইসলাম বলেন, দেশে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে সরাসরি ভারতের সংযোগ রয়েছে। আন্তর্জাতিকভাবেও তারা এটি নিয়ে কাজ করছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলে। জায়গা-জমি দখলও হয়েছে আওয়ামী লীগের আমলে। বাংলাদেশবিরোধী যে প্রচারণা ভারত চালাচ্ছে, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ প্রশ্নে সরকারের দায়িত্ব বেশি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। দেশে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা প্রধানমন্ত্রীর পদক্ষেপের ওপর নির্ভর করছে। কার্যকর উদ্যোগ নিলেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলা যাবে।