রাজনীতি

হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আবেদন

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলার এজাহার দাখিল করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ছাত্রদলের পক্ষ থেকে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানও থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই বিকেল থেকে রাত পর্যন্ত জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এতে জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা লোহার রড, রামদা, ফিকল ও ইট দিয়ে আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সংঘর্ষের সময় বাদীর মোবাইল ফোন, মোজাক্কির হোসেন, মাহফুজ চৌধুরী, মাহমুদুল হাসান গাজী ও শিমুল হাসানের মোবাইল ফোন এবং রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।

মামলার অন্য আসামিরা হলেন, হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপির পক্ষ থেকেও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এনসিপির দাবি, গত ২৮ জুলাই ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। হামলায় এনসিপির এক কর্মী একটি চোখ হারান বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

একই বিভাগের আরও খবর