রাজনীতি

'জুলাই এখনো শেষ হয়নি' প্রদর্শনীতে জিয়ার ভাষণ নেই, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) রাজধানীতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির জানান, ইতিহাসে যার কল্যাণকর অবদান রয়েছে, তার প্রতি তারা গভীর শ্রদ্ধাশীল এবং এ বিষয়ে তারা নির্মোহ ও বাস্তববাদী অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

জিয়াউর রহমানের ভাষণ না রাখার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'উনি তো অটোক্রেট শাসক ছিলেন না। যারা কর্তৃত্ববাদী ও আগ্রাসী ছিল, তাদেরই এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসের ধারাবাহিকতা দেখানো হয়েছে।'

বিজ্ঞাপন

তিনি স্মরণ করেন, সাড়ে ১৫ বছর ধরে মানুষের অধিকার হরণের চেষ্টা চলেছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ ও ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলা, ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা—এসব ঘটনা আন্দোলনকে আরও বেগবান করে। ৩ আগস্ট সেনাবাহিনী যখন জনগণের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়, তখনও শেখ হাসিনা হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াত আমির আরও বলেন, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও অনেক উপদেষ্টা নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি। সংস্কার কমিশনে ৩১টি দল ছোট বিষয়ে একমত হলেও নিজেদের স্বার্থের প্রশ্নে মতভেদ তৈরি হয়—যার বেশিরভাগই বর্তমান সরকারি দলের পক্ষ থেকে এসেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ও নির্বাচন কমিশন গঠনে দলীয় কর্তৃত্ব না চেয়ে নির্দলীয় কমিশনের পক্ষে তাদের অবস্থান ছিল। সংস্কার প্রস্তাবকে বৈধতা দিতে গণপরিষদ বা সংস্কার পরিষদ গঠনে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও নির্বাচন ও সরকার গঠনের পর সেই অবস্থান পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, 'এত মানুষ পঙ্গু হলো, আহত হলো, জীবন ঝুঁকি নিয়ে আন্দোলনে এলো—শুধু কি একই তরিকার এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য?'

তিনি জানান, সংসদের ভেতরে সংস্কার পরিষদ গঠনের দাবি জানালেও প্রতিকার না পাওয়ায় তারা রাজপথে নেমেছেন এবং জনগণকে সঙ্গে নিয়েই অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এটি কোনো সরকারের সফলতার চিত্র নয়; বরং যুগে যুগে ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী শাসনে জনগণের নিপীড়নের ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, 'জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই প্রকৃত অর্থে জুলাইয়ের সমাপ্তি ঘটবে।'

একই বিভাগের আরও খবর

বিজ্ঞাপন