রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের গাজনার বিলের খয়রান ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত আমিন উদ্দিন ভায়না গ্রামের মৃত আহেদ আলীর ছেলে। তিনি টানা দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গাজনার বিলের খয়রান ব্রিজের নিচে এক ব্যক্তির সঙ্গে বসে গল্প করছিলেন চেয়ারম্যান আমিন উদ্দিন। এ সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন মুখোশধারী যুবক সেখানে এসে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
চেয়ারম্যানের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান আমিন উদ্দিন সাদাসিধে জীবনযাপন করেন এবং কৃষিকাজের সঙ্গেও যুক্ত। তার ওপর হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিক আহমেদ বলেন, আহত চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলাই এখন অগ্রাধিকার। পুলিশ এ ঘটনায় অভিযান চালাচ্ছে। অভিযান শেষে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




