সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য প্রয়োজনে সবাইকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে জনগণ তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন এবং সরকারের প্রতি তাদের প্রত্যাশাও পূরণ হবে। অন্যদিকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে।
চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সব সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




