খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও তাঁদের পাশে রয়েছে।
তিনি জানান, আগের তুলনায় এবার সহায়তা বাড়ানো হয়েছে। আগে যেখানে ৫০০ কেজি চাল বরাদ্দ ছিল, এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ ছাড়া প্রতিটি সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুর্গাপূজায় পরার জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন শাড়ি বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ বাবু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিয়মিত সহায়তা দেওয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানমের প্রতিও কৃতজ্ঞতা জানান। উপহারের শাড়ি পেয়ে মানিকগঞ্জ সদর উপজেলার দীপালী রানী (৭৫) ও সাটুরিয়া উপজেলার অনিতা সরকার (৭৭) আনন্দ প্রকাশ করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান, পূজার নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান দেন।




