পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের আধুনিক চিকিৎসাব্যবস্থা ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। চোখ, নাক-কান-গলা ও অর্থোপেডিকসহ বিভিন্ন রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান তিনি।
একই দিন দুপুরে নারায়ণগঞ্জের প্রাণ-আরএফএল কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন ওয়াটারবাসের মডেলও পরিদর্শন করেন তিনি। আধুনিক ও পরিবেশবান্ধব জলযান চালু, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানো গেলে যাত্রীদের জন্য বিকল্প ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, সেবার মান এবং জলযানের উপযোগিতা নিশ্চিত করা জরুরি।
নৌপথের আধুনিকায়ন ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করে বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর সম্ভাবনা নিয়ে কাজ চলছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি নগরবাসীর যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।



