গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ লিংক রোড, পাহাড়তলী ও সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য অনিক দাশ (২৭) বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন—ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) এবং মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)। পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে মারুফুর রহমান অপু নামের এক যুবক বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে খুলশীর ফয়েজ লেক এলাকায় ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক একটি গাড়িতে তুলে বায়েজিদের শেরশাহ এলাকায় নিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে রেখে যায়।
ঘটনার কয়েক দিন পর ‘অহমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি বিক্রির পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী মারুফুর ক্রেতা সেজে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫ হাজার টাকাও পাঠান। পরে মঙ্গলবার রাতে বায়েজিদ লিংক রোডের মুখে পুলিশ বক্সের সামনে সেটি হস্তান্তর করতে এলে পুলিশের ফাঁদে ধরা পড়েন কনস্টেবল অনিক দাশ। তাঁর দেওয়া তথ্যে বাকি তিনজনকে গ্রেপ্তার এবং অপরাধে ব্যবহৃত আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় অপহরণ, ডাকাতি ও চোরাই মাল রাখার অভিযোগে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।



